প্রাইম ভিশন ডেস্ক »
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় অনেকেই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন। এর মাধ্যমে অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালাচ্ছেন। এটি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য সুরক্ষার জন্য ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রোববার বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিপিএন থেকে বিরত থাকি। তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি। ভিপিএন যে দিচ্ছে, সে পুরো তথ্য উপাত্ত পাচ্ছে। ভিপিএন চালু রেখে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে, গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে।’
প্রসঙ্গত, ভিপিএন টুল ডাউনলোডের সময় মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণসহ ফেসবুক, ইমেইলের নিয়ন্ত্রণ ভিপিএন নির্মাতার কাছে চলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে।
দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স (সাবেক টুইটার) বন্ধ রয়েছে। তবে অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুকে সক্রিয় রয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর ১৭ জুলাই থেকে সারাদেশে মোবাইল ফোনে এবং পরদিন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। রোববার বিকাল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়।


