প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে খুনের ঘটনার ভিডিও ফুটেজে যে পাঁচজনকে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা গেছে, পুলিশ তাদের সবার পরিচয় শনাক্ত করেছে। পুলিশের ভাষ্য, বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী রায়হান বাহিনীর ক্যাডাররা মাসুদুলকে খুন করেছে।
শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম উত্তরের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে খুন করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরীর অনুসারী ছিলেন স্থানীয় রাজনীতিতে। বাড়ি রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে।
বাজারের সিসি ক্যামেরায় সংরক্ষিত হত্যাকাণ্ডের দৃশ্য যাচাই-বাছাই করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেছেন, ‘অস্ত্র হাতে পাঁচজনকে দেখা গেছে। এর বেশি থাকতে পারে। তবে যে পাঁচজনকে দেখা গেছে, তাদের সবার পরিচয় আমরা নিশ্চিত হয়েছি। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ সম্ভব নয়। তবে তারা প্রত্যেকে রায়হান বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী। তাদের মধ্যে অবশ্য রায়হানকে দেখা যায়নি।’


