জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট ফিরে আসুক আর না আসুক তাতে কিছু যায়-আসে না বলে মন্তব্য করলেন চট্টগ্রামের বিএনপি দলীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য।
আজ বৃহস্পতিবার বিকালে নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে ‘আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে’ অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম-১০ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাঈদ আল নোমান বললেন, ‘কোনো বিতাড়িত প্রত্যাখাত ফ্যাসিস্ট কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে না। আমাদের লড়াই হবে মানুষের জন্য। পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষ, শ্রমিক, কৃষক, নারীদের জন্য লড়াই করবেন। তাহলে জনগণ আমাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে। আর জনগণ ঐক্যবদ্ধ থাকলে বারবার মাইকে ফ্যাসিস্টের নাম বলতে হবে না। তারা আসুক আর না আসুক তাতে জনগণের কিছু যায় আসে না। কারণ বাংলাদেশের মানুষের মনে তারা আর ন্যূনতম কোনো জায়গা পাবে না। আগেও পায়নি। তারা বরং ১৭ বছর আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল।’
তিনি আরও বললেন, ‘আমাদের লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে। আমাদের লড়াই হবে ন্যায়ের পক্ষে। আমি আজ যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি ফ্যাসিস্টরা এখানে আমার বাবা আবদুল্লাহ আল নোমানের ওপর আক্রমণ করেছিল। যিনি চট্টগ্রামের জাতীয়তাবাদী শক্তির চেতনার অন্যতম সৈনিক। যিনি আপনাদের-আমাদের সাধারণ মানুষের জন্য রাজনীতি করা শিখিয়েছেন। সেই আক্রমণের জবাব তিনি মৃত্যুর আগে দিয়ে গেছেন বারবার আপনাদের সাথে এখানেই রাজনীতির মাঠে এসে। মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে। ফ্যাসিস্টদের আক্রমণের জবাব জনগণ দিয়েছে আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে সংসদে পাঠিয়ে।’
‘সুতরাং সবকিছুর জবাব প্রতিহিংসা আর প্রতিশোধ দিয়ে হয় না। কাজের মধ্য দিয়ে দিতে হয়। আজ ডেঙ্গু-চিকনগুনিয়া নিয়ে মানুষের ঘরে ঘরে কষ্ট। এ অবস্থায় মানুষের পাশে থাকতে হবে। তাদের কাছে স্বাস্থ্যসেবা এনে দিতে হবে। চিকিৎসা সেবা তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না। সময়কে কাজে লাগিয়ে সবাইকে মানবিক কাজ ও জনকল্যাণে নেমে পড়তে হবে। আমি নিজেও তাই করে যাচ্ছি। এটাই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমার জবাব।’
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় সমাবেশে যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, এস কে খোদা তোতন, বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।


