প্রাইম ভিশন ডেস্ক »
শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন যে তথ্য দিয়েছেন সেটাকে মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন জানিয়ে আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতির এই কথা শপথ লঙ্ঘনের শামিল।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি এই বক্তব্য দেওয়ায় তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন কি না সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতি নিজেও জানিয়েছেন তিনি পদত্যাগপত্র পেয়েছেন। তার এখনকার বক্তব্য স্ববিরোধী।


