প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্পের শিশুদের শিক্ষা লাভে প্রতিষ্ঠিত ডলু আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ ডলু এলাকায় সরকারী অর্থায়নে গড়ে ওঠা স্কুলটির ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে সুধী সমাবেশ অনুষ্টিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। তাদের বাসযোগ্য পৃথিবী গড়তে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই স্বপ্নযাত্রা স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পাইন্দং ইউপি চেয়ারম্যান মো.ছরোয়ার হোসেন স্বপন, শিক্ষানুরাগী ও লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভুমি) মো.মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, দুপুরে উপজেলা পরিষদ চত্তরে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন, চা শ্রমিকদের মাঝে ঘর হস্তান্তর ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রনোদনা প্রদান করেন।
শেষে শহীদ শফিকুন নুর মওলা (বীর প্রতীক) মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ডিসি ফরিদা খানম।


