প্রাইম ভিশন ডেস্ক »
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশে-বিদেশে একটা বিষয় নিয়ে সকলের মধ্যে কাজ করছে যে, কবে নির্বাচন হবে। কবে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। বর্তমানে দেশে একটা সরকার আছে, কিন্তু গণতান্ত্রিক অর্ডার তো এখন ফিরে আসেনি। জনগণ সমর্থিত সরকার ব্যতীত কোনও প্রশাসন তাকে সমর্থন দিতে চায় না, সেটা তো আমরা এখন লক্ষ্য করছি।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মিলারের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হয়।
আমির খসরু বলেন, সবাই মনে করে জনগণের সমর্থিত একটা সরকার ও সংসদ থাকবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেটা হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সে জন্য আলোচনায় এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে।


