সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরাতভর উত্তেজনা শেষে ভোরে গ্রেপ্তার আইভী

রাতভর উত্তেজনা শেষে ভোরে গ্রেপ্তার আইভী

প্রাইম ভিশন ডেস্ক »

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় তার সমর্থকরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার ঠেকাতে আইভীর বাড়ির চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, বালু ফেলে সড়ক অবরোধ করেন আইভীর সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানানো হয়।

রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখায় পুলিশ বাড়তি ফোর্স যুক্ত করে। এক পর্যায়ে আইভী পুলিশের কর্মকর্তাদের বলেন, ‘আমি দিনের বেলা ছাড়া যাব না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।’

এদিকে পুরো এলাকা ঘিরে ফেলার পর পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা রাতভর আইভীর বাড়িতে প্রবেশ করে সেখানে অবস্থান নেন। পরে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হবার আগে এক বক্তব্যে আইভী বলেন, ‘আমি জেল থেকে হলেও নির্বাচন করব। আমি কাউকে ভয় পাই না। আমি চুনকার মেয়ে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়