প্রাইম ভিশন ডেস্ক »
দুর্বল ব্যাংকগুলোতে বড় অংকের আমানতকারীদের সরাসরি টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার দেওয়া হবে। কেউ শেয়ার না চাইলে বিকল্প হিসেবে ট্রেজারি বন্ড নেওয়ার সুযোগ থাকবে। তবে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।
সোমবার (১৯ মে) নিজের দপ্তরে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা এত তাড়াহুড়ো করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ও এনবিআর বিভক্তির অর্ডিন্যান্স করার কারণ হলো, রাজনৈতিক সরকার এলে এগুলো আর করা সম্ভব হবে না।’
দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি মূল্যায়নের অগ্রগতির কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ছয়টি দুর্বল ব্যাংকের দুর্বল সম্পদ, তহবিলসহ প্রাসঙ্গিক তথ্য প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ব্যাংক সংস্কার করব। তখন বড় বড় আমানতকারীদের দুটি অপশন দেওয়া হবে। কে পুরো অর্থ ফেরত পাবেন আর কাকে শেয়ারের বিপরীতে অর্থ দেওয়া হবে, তা তখন স্পষ্ট করা হবে।’
কেউ যদি শেয়ার নিতে না চান, সে ক্ষেত্রে করণীয় কী—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যাদের অনেক পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে, তারা পুরো টাকাটা একবারে পাবেন না। বলা হবে, আপনি হয় ব্যাংকের শেয়ার নিন, না হয় ট্রেজারি বন্ড নিন। একটা অপশন তাকে বেছে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘যাদের ডিপোজিট কম, তারা অর্থ ফেরত পাবেন। এজন্য একটি তহবিল গঠন করা হবে, যা পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকবে না, শুধু আমাদের সঙ্গে পরামর্শ করবে। ব্যাংক সংস্কারে কত বিলিয়ন ডলার লাগবে, তার একটি হিসাব বাংলাদেশ ব্যাংক করেছে।’


