প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে ফ্লাইট বিজি-৫৮৪ ঢাকা থেকে ছেড়ে যায়। এটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান। তবে আকাশে প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিনে সমস্যা বুঝতে পেরে ফেরত আসার সিদ্ধান্ত নেন।
বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে শাহজালালে নিরাপদে অবতরণ করে এবং বেএ-১৪ নম্বর গেটে পার্ক করা হয়। এতে থাকা ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অবতরণের পর রানওয়ে পরিদর্শনে নামে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে কোথাও পাখি বা অনাকাঙ্ক্ষিত কোনো বস্তুর চিহ্ন মেলেনি।
ঘটনার পর বিমানটিকে কারিগরি পরীক্ষার জন্য রাখা হয়েছে। সবকিছু যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।


