প্রাইম ভিশন ডেস্ক »
মীরসরাইয়ে সড়ক পারাপারের সময় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। স্থানীয় লোকজন ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, নিহত শাহীন বেগমের স্বামী মীরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকার একটি ইট ভাটায় কাজ করেন। কাজের সূত্রে শাহীন আক্তার সপরিবারে বসবাস করেন এখানে। মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিও সড়কের বাইরে কৃষি জমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।


