প্রাইম ভিশন ডেস্ক »
বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের আয়োজনে কক্সবাজার সমুদ্রসৈকত লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টায় সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলনের মাধ্যমে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের এই আয়োজন শুরু হয়।
জেলার সাতটি উপজেলার মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা সৈকতে আনা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি থেকেও প্রতিমা আনা হয়েছে। তবে চকরিয়া ও পেকুয়ার মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে মাতামুহুরী নদীতে।
বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। দেবী দুর্গার বিসর্জনকে কেন্দ্র করে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ঢল নামে কক্সবাজারে। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা চার দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকত হয়ে উঠেছে পর্যটকে ভরপুর। বৃষ্টি উপেক্ষা করেই দেশজুড়ে ছুটে এসেছেন হাজারো পর্যটক। ইতোমধ্যে কক্সবাজারের সব হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। ফলে আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত সৈকতজুড়ে পর্যটকদের উপস্থিতিতে থাকবে উৎসবের আমেজ।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার শহরের প্রায় পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের ৯০ শতাংশের বেশি কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। বাড়তি পর্যটকদের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


