সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে আমার থেকে খুশি কেউ হবে...

হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে আমার থেকে খুশি কেউ হবে না: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নিজের মক্কেলের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী

আমির হোসেন। তিনি বলেছেন, তিনি তার হৃদয় থেকেই চাইছেন শেখ হাসিনা খালাস পাক এবং এতে তার থেকে খুশি আর কেউ হবে না।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চেষ্টা করি নাই। চেষ্টা করার কোনো বিধানও নাই। ওনারাও আমার সঙ্গে কোনো চেষ্টা করে নাই এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই।’

তিনি আরও যোগ করেন, ‘প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করত, সেটা হয়তো আমার জন্য আরও ভালো হতো। কিন্তু সেটা কেউ কিছু করে নাই। আইনগতভাবে বিধানও নাই।’

‘আমি তো সবসময় আশা করি আমার মক্কেল (শেখ হাসিনা) খালাস পাবে। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। এটাই স্বাভাবিক কথা, আমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার চাইতে বেশি খুশি আর কে হবে।’

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘উনি আমার আসামি না। ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। যারা আমার আসামি না, তার পক্ষে আমি কেন বলব? এটা সমীচীন না।’

তবে মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে আমির হোসেন বলেন, ‘আমার দেখামতে (বিচারে) তেমন কিছু দেখছি না। ভালোভাবে বিচার হয়েছে বলেই আমি মনে করি।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন: বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণা উপলক্ষে গতকাল রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

কর্তৃপক্ষ হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশকারী প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়