প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শাহবাজ শরিফ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে তাঁর আজীবনের সেবা এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে যাচ্ছে।’
শাহবাজ শরিফ লিখেছেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। শোকের এই মুহূর্তে আমার সরকার এবং পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁর আত্মাকে মাগফিরাত দান করুন। আমিন!’
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকায় ইন্তেকাল করার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাআলা যেন এই শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি তাঁর পরিবারকে দান করেন।’
মোদি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণে থাকবে। ২০১৫ সালে ঢাকা সফরের সময় তাঁর সঙ্গে আমার আন্তরিক বৈঠকের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর স্বপ্ন এবং আদর্শ আমাদের পারস্পরিক অংশীদারত্বকে ভবিষ্যতেও অনুপ্রাণিত করবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’


