প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে অক্সিজেন স্পোর্টস জোনের হাত ধরে যাত্রা শুরু করেছে ‘প্যাডেল টেনিস’। তবে ইনডোর প্যাডেল টেনিস খেলা শুরু করার ক্ষেত্রে দেশে অক্সিজেন স্পোর্টস জোনই প্রথম।
সম্প্রতি নগরীর নাসিরাবাদস্থ অক্সিজেন স্পোর্টস জোনে প্যাডেল টেনিস কোর্টের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এবং তার স্ত্রী তাহমিনা রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন পিএইচপি ফ্যামেলির ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন সোহেল, পরিচালক (অর্থ) আলী হোসেন সোহাগ, পরিচালক জহিরুল ইসলাম রিংকু এবং তৃতীয় প্রজন্মের দুই পরিচালক ভিক্টর মহসিন ও নুভেদ মিজান ইকবাল।
ক্রীড়া-সংশ্লিষ্ট তথ্যসূত্র জানায়, দেশে প্যাডেল টেনিসের আউটডোর কোর্টের সংখ্যা ২০টি। এর মধ্যে ১৯টি ঢাকায়। শিল্পগ্রুপ বসুন্ধরার রয়েছে ১৬টি প্যাডেল টেনিস কোর্ট এবং যমুনা গ্রুপের রয়েছে ২টি কোর্ট। চট্টগ্রামের প্রথম প্যাডেল টেনিস কোর্টটি প্রতিষ্ঠিত হলো পিএইচপি ফ্যামেলির তৃতীয় প্রজন্মের হাত ধরে।
টেনিস ও স্কোয়াশের সংমিশ্রণে দ্রুতগতির র্যাকেট খেলা হলো প্যাডেল টেনিস বা প্যাডেল বল। এই খেলায় সাধারণত চার জন খেলোয়াড় (ডাবলস) অংশ নেন। স্কোরিং সিস্টেম টেনিসের মতোই (১৫, ৩০, ৪০)। বর্তমানে বিশ্বব্যাপী প্যাডেল টেনিস একটি জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল খেলা।
এ বিষয়ে জানতে চাইলে অক্সিজেন স্পোর্টস জোনের পরিচালক ভিক্টর মহসিন বলেন, ক্রীড়াপ্রেমী চট্টগ্রামবাসীকে নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে অক্সিজেন স্পোর্টস জোন সবসময় কাজ করে যাচ্ছে। দেশে নতুন হলেও প্যাডেল টেনিস বা প্যাডেল বল একটি আন্তর্জাতিক ইভেন্টভিত্তিক খেলা, যা অত্যন্ত জনপ্রিয়।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অক্সিজেন স্পোর্টস জোনের হাত ধরে প্যাডেল টেনিস খেলোয়াড়রা যেন আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পান সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এজন্য খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে অক্সিজেন স্পোর্টস জোন। প্যাডেল টেনিস খেলোয়াড়দের মনোবল বাড়াতে এবং প্রশিক্ষণের জন্য বেশ কয়েকটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
অক্সিজেন স্পোর্টস জোন সূত্রে জানা গেছে, প্রতি ঘণ্টা হিসেবে প্যাডেল টেনিস কোর্ট ভাড়া ৩ হাজার ৬০০ টাকা (চার জনের জন্য)। এ ছাড়া ব্যাট ভাড়া নিতে হলে চারটি ব্যাটের জন্য দিতে হবে ১ হাজার টাকা।


