বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচনকালীন ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

নির্বাচনকালীন ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

প্রাইম ভিশন ডেস্ক »

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেনে বেশকিছু শর্তারোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমএফএস গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠাতে পারবেন। দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবাও বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত এ বিধিনিষেধ গতকাল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেবাগুলো সীমিত থাকবে। এ হিসেবে টানা ৯৬ ঘণ্টার জন্য লেনদেন সীমিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে আজ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠান নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করবে। এ সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডারের পক্ষ থেকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়