প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় সুনিশ্চিত। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণ-অভ্যুত্থানে হাজারো শহীদ, গুম হওয়া মানুষের ত্যাগ ও সংগ্রামের ওপর দাঁড়িয়ে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে দীর্ঘদিন পর যেহেতু গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে, একে কেন্দ্র করে রয়েছে অনেক আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি।
তিনি বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন জনগণ মিডিয়ার গোচরে এনেছেন এবং প্রতিহত করেছেন। সংগঠিত ঘটনাগুলো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা করছি। বিএনপির অবশ্যম্ভাবী বিজয়কে আঁচ করতে পেরে তাদের এ অপপ্রয়াস সফল হবে না। এর প্রমাণ হিসেবেই দেড়জুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন। আমরা আশা করি, জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারের এ সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার। ভোটকেন্দ্রে দৃশ্যমান যে জনসমাগম রয়েছে, দিনশেষে সেটিই পূর্ণতা পাবে। আপনাদের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন-প্রবীণ, নারী, পুরুষ আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষাকে সুনিশ্চিত করবে, ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া এখনো চলমান, পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র এখনো আমাদের হাতে আসেনি। তবে নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী কিছু জায়গায় কিছু অসংগতি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় আজও দেখা যাচ্ছে, কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও ভোটগ্রহণ প্রক্রিয়ার গতি আশানুরূপ নয়। ভোটপ্রদানের প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রত্যাশা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সেগুলো সমাধান করবেন।
মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় যারা আজ এখনো ভোটপ্রদানে অংশগ্রহণ করেননি, দ্রুত ভোট প্রদানের মধ্য দিয়ে তারা সেই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন। আজকের এ নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সবাই ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেয়া। আমরা প্রত্যাশা করছি, ভোটগ্রহণ শেষ হবার আগে যে সময়টুকু রয়েছে, এ সময়ের মধ্যে ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করবেন।


