প্রাইম ভিশন ডেস্ক »
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে তৈরি হচ্ছে নতুন আশার গল্প। সেই গল্পের কেন্দ্রে লিওনেল মেসি। আবারও বিশ্বমঞ্চে জাদু দেখানোর প্রস্তুতি নিচ্ছেন ফুটবলের অন্যতম সেরা তারকা।
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন। তার ভাষায়, ‘মেসি থাকলে আমরা যেমন উপভোগ করি, সেটা আবার উপভোগ করার সুযোগ সবার সামনে আসবে।’ এই বক্তব্য শুধু একটি ঘোষণা নয়, এটি পুরো দলের মানসিক শক্তির প্রতিফলনও।
ফুটবলপ্রেমিদের স্কালোনি আশার বাণী শোনান এভাবে, ‘আমরা কিছু পারফরম্যান্স ফিরে পেতে চাই। আমাদের হাতে থাকা খেলোয়াড়দের একটি মিশ্রণ দেখতে চাই। লিও (মেসি) সম্পর্কে বললে, হ্যাঁ, সে খেলবে; মেসি থাকলে আমরা যেমন উপভোগ করি, সেটা আবার উপভোগ করার সুযোগ সবার সামনে আসবে।’
চার বছর আগে কাতারে আর্জেন্টিনাকে তৃতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জেতান মেসি। দেশটির সর্বোচ্চ গোলদাতা মেসি নিজেও গত বছর তার বিশ্বকাপে খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আগে আমি বলেছি, বাস্তবিকভাবে ৩৯ বছর বয়সে বিশ্বকাপে খেলা সম্ভবত কঠিন। এটা এখন থেকে নয় মাস দূরে, যা কাছাকাছি, কিন্তু একই সঙ্গে অনেক সময়ও বাকি।’
লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই প্রসঙ্গ সামনে আসতেই স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ জেতার পুনরাবৃত্তি করার প্রতিশ্রুতি দেওয়া কঠিন। এটা অবিশ্বাস্য হবে (যদি তা ঘটে)। আর্জেন্টিনা যথাযথভাবেই শেষবার জিতেছিল, কিন্তু অনেক সময় দেখা যায়, যে দল প্রাপ্য সে জিততে পারে না। এটাই এই টুর্নামেন্টের কঠিনতা বোঝায়।’
‘বিশ্বকাপ ভীষণ জটিল। আমরা ভালো করছি এবং স্বাভাবিকভাবেই প্রতিপক্ষরা আমাদের বিপক্ষে ভিন্নভাবে খেলবে। আমরা জানি কী ঝুঁকি রয়েছে এবং দল প্রস্তুত থাকবে। এরপর এটা ফুটবল। আমরা জানি এতে কী থাকতে পারে। কমপক্ষে ১০টি জাতীয় দল বিশ্বকাপ জিততে পারে, আর হয়তো আমি কম বলছি। কোনো সন্দেহ নেই যে প্রতিযোগিতার মান খুবই উচ্চ।’- স্কালোনি শেষ করেন।


