প্রাইম ভিশন ডেস্ক »
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করার ওপর জোর দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভূমি সংক্রান্ত সকল কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং কোনোভাবেই দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না। তিনি ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের আপস বা আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
অনলাইন ভূমি সেবায় অনিয়ম ঠেকাতে বহিরাগত অপারেটরদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। বিশেষ করে ফটোস্ট্যাট দোকানে বসে অননুমোদিতভাবে ভূমি সেবা প্রদান নিরুৎসাহিত করার ওপর জোর দেন। তিনি জানান, এসব কাজ শুধুমাত্র প্রশিক্ষিত ও অনুমোদিত ব্যক্তিদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভূমি সেবা অনেক বেশি অটোমেটেড ও সহজ হয়েছে। এই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রতারণার শিকার না হন এবং আধুনিক সেবার সুফল ভোগ করতে পারেন। উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ৩৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।


