প্রাইম ভিশন ডেস্ক »
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘মেডিকেল কলেজে আমাদের রাজনীতির হাতেখড়ি। এখানকার সবকিছু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনার দায়িত্ব কর্তৃপক্ষ ও ডাক্তারদের। বাইরে থেকে কেউ এসে কেন হস্তক্ষেপ করবে?
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-চালক সমিতির মধ্যে হাতাহাতির পর আজ সোমবার অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্নির্ধারণ-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া পুনর্মূল্যায়ন-সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়ার তালিকা সিটি মেয়র শাহাদাত হোসেন পড়ে শোনান।
সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। অ্যাম্বুলেন্স মালিক সমিতি, পুলিশ এবং বিআরটিএর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। নতুন তালিকায় ৩০ শতাংশ ভাড়া বাড়ানো হয়।
তেলের দাম বাড়ার কারণে সমিতি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে ৩০ শতাংশ ভাড়া বেড়েছে। সর্বনিম্ন ভাড়া রয়েছে ১ হাজার ১৪৪ টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলায় ননএসি বড় অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫ হাজার ৪০০ টাকা। এসি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫ হাজার ৭৮৫ টাকা।


