প্রাইম ভিশন ডেস্ক »
বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে তখন স্নায়ুক্ষয়ী লড়াই চলছে। দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বল ধরে দারুণ এক শটে বল জালে পাঠিয়ে দেন স্পেনের তরুণ তারকা নিকো উইলিয়ামস। উদযাপনে মেতে উঠেছিল গোটা স্প্যানিশ দল। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ বিষাদে রূপ নেয়, যখন রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল ঘোষণা করেন। মেটলাইফ স্টেডিয়ামের সেই গোল বাতিল নিয়েই এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ম্যাচের ৯৬তম মিনিটে ওই গোলটি বাতিল করেছিলেন রেফারি স্লাভকো ভিনচিচ। রেফারির মতে, বল উইলিয়ামসের পায়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে ফাউল করেছিলেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো। মেরিনোর ধাক্কাতেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ওতামেনি, আর সেই সুযোগেই বল পেয়ে যান উইলিয়ামস।
তবে টিভি রিপ্লে দেখে বিশ্লেষকেরা বলছেন, ফাউলের সেই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত সন্দেহজনক এবং কিছুটা কঠোর। স্পেনের খেলোয়াড় ও সাইডলাইন থেকে তীব্র প্রতিবাদ জানানো হলেও রেফারি ভিনচিচ ঘটনাটি ভিএআরে রিভিউ করার প্রয়োজন মনে করেননি। মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল থাকে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল বিশ্লেষক ও সমর্থকরা।
গোলটি বহাল থাকলে হয়তো অতিরিক্ত সময়ের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তবে শেষ পর্যন্ত ওই বিতর্কিত সিদ্ধান্তের ধাক্কা সামলে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।


