প্রাইম ভিশন ডেস্ক
ওয়ার্ল্ডকাপের পরে আরেকটি আমেজ ইনশাআল্লাহ চট্টগ্রামে সৃষ্টি হবে। আমরা মেসিদের খেলা দেখেছি। আমরা এমবাপ্পের খেলা দেখেছি। এখন বাংলাদেশি খুদে খেলোয়াড়দের খেলা দেখতে চাই।
যিনি এটা বাংলাদেশব্যাপী দেখার সুযোগ করে দিচ্ছেন তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়ামোদী দর্শক এবং ক্রীড়াবিদদের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সারা দেশে ৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান, ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থীর প্রাণসঞ্চারিত হবে এ টুর্নামেন্টে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মেয়র বলেন, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান হবে চট্টগ্রামে। এই চট্টগ্রামে উনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি নিজে শহীদ হয়েছেন। আমাদের সবার দেশমাতা খালেদা জিয়া, উনার জীবনের শেষ সফরে রোহিঙ্গাদের দেখার জন্য এই চট্টগ্রামে এসেছিলেন। কাজেই এই চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সূচনা করবেন।
তিনি বলেন, আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট। আমরা চাই বাংলাদেশকে একটি নতুন ধারায় সঞ্চালিত করতে। যেটার অগ্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, সারা দেশের ক্রীড়াঙ্গনে এ উন্মাদনা সৃষ্টি করছেন। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। সুস্থ দেহে সুন্দর মন। পড়ালেখা যদি করতে হয় তাহলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি মেয়র হওয়ার পর চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ১১টি খেলার মাঠ ইনশাআল্লাহ করে ফেলেছি। শিগগির জাম্বুরি খেলার মাঠ উন্মুক্ত করে দেব। কাজেই আমি মনে করি চট্টগ্রাম প্রস্তুত আছে উনাকে অভ্যর্থনা জানানোর জন্য।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি প্রমুখ উপস্থিত ছিলেন।


