প্রাইম ভিশন ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে চার ছাত্রী আহত হয়েছে। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসছিল। এ সময় মাদ্রাসার ভেতরে ইমন সরদারের বসতঘরের সামনে টেনিস বলসদৃশ একটি বস্তু নিয়ে কয়েকজন শিক্ষার্থী খেলছিল। একপর্যায়ে বলের আদলে তৈরি ওই হাতবোমাটি বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চার ছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতবোমাটি কীভাবে এবং কোথা থেকে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, র্যা ব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন।


