Homeএই মুহুর্তেশির বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে কী কী সুবিধা থাকে?

শির বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে কী কী সুবিধা থাকে?

প্রাইম ভিশন ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশ সফরে গেলে তার যাত্রাপথের প্রতিটি বিষয়ই হয়ে থাকে অত্যন্ত পরিকল্পিত। তার বিদেশ সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করা পরিবহণব্যবস্থা থাকে, যার প্রায় প্রতিটি অংশেই নিরাপত্তা ও যোগাযোগের বিশেষ ব্যবস্থা বিদ্যমান।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের ভারত সফরেও বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। তার ব্যবহৃত বিমানটি এয়ার চায়নার পরিচালনায় থাকা পরিবর্তিত বোয়িং ৭৪৭-৮। বিমানবন্দরে অবতরণের পর চীনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি কঠোর নিরাপত্তাবেষ্টিত ‘হংকি এন৭০১ লিমুজিনে’ চড়েন তিনি।

শি জিনপিংয়ের ব্যবহৃত বিমানটি বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল। এটি পরিচালনা করে এয়ার চায়না। মূলত এটি একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল। ২০১৪ সালের শেষ দিকে বিমানটি এয়ার চায়নার বহরে যুক্ত হয়। কয়েক মাস পর, ২০১৫ সালের মে মাসে বড় ধরনের পরিবর্তনের জন্য এটিকে বাণিজ্যিক সেবা থেকে সরিয়ে নেওয়া হয়।

বিমানটিতে বিশেষ নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা এবং ভিআইপি অভ্যন্তরীণ ব্যবস্থা যুক্ত করা হয়। ২০১৬ সালে এটি চীনের প্রধান রাষ্ট্রীয় বিমান হিসেবে ব্যবহারে আসে।

এর আগে বিদেশ সফরে চীনের প্রেসিডেন্টরা বাণিজ্যিক বোয়িং ৭৪৭-৪০০ ব্যবহার করতেন। বিদেশ সফরের আগে এসব বিমানে সাময়িকভাবে পরিবর্তন এনে ভিভিআইপি সুবিধা যুক্ত করা হতো। সফর শেষে বিমানগুলো আবার বাণিজ্যিক সেবায় ফিরিয়ে দেওয়া যেত।

শি জিনপিংয়ের আন্তর্জাতিক সফরে ব্যবহৃত বোয়িং ৭৪৭-৮ শুধু যাত্রীবাহী বিমান নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এতে স্যাটেলাইটভিত্তিক এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থান করেও প্রেসিডেন্ট বেইজিংয়ে থাকা সরকারি ও সামরিক কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

বিমানটিতে হুমকি শনাক্তকরণ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের পালটা ব্যবস্থা এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি থেকে সুরক্ষার ব্যবস্থাও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে বিমানটির অভ্যন্তরের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, এতে ব্যক্তিগত নির্বাহী কক্ষ, শয়নকক্ষ ও বৈঠকের জায়গা রয়েছে। ফলে দীর্ঘ আন্তর্জাতিক সফরের সময়ও শি সেখানে কাজ ও বৈঠক করতে পারেন।

এরপর আসে হংকি

প্রেসিডেন্ট বিমান থেকে নামার পর তার যাতায়াতের মাধ্যম পুরোপুরি বদলে যায়। ভারত সফরে বিশেষ নজর কাড়ছে ‘হংকি এন৭০১’। ‘হংকি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’। চীনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এই ব্র্যান্ডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য গাড়ি তৈরি করে আসছে।

এন৭০১ কোনো সাধারণ বিলাসবহুল লিমুজিন নয়। এটি চীনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি একটি রাষ্ট্রীয় গাড়ি। এর আগে মিসর, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও হংকং সফরেও শি জিনপিংকে এই গাড়ি ব্যবহার করতে দেখা গেছে।

গাড়িটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৫ মিটার, অর্থাৎ প্রায় ১৮ ফুট বলে ধারণা করা হয়। এতে বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী আর্মার প্লেট এবং ২১ ইঞ্চির বুলেটপ্রুফ চাকা ও টায়ার রয়েছে। এছাড়া ছোট বিস্ফোরণের প্রভাব মোকাবিলায় গাড়িটি বিশেষভাবে তৈরি এটি। রাসায়নিক হামলার সময় যাত্রীদের সুরক্ষায় এতে বায়ুচাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকতে পারে বলে ধারণা করা হয়।

বহু বছর ধরে চীনের নেতারা বিদেশ সফরে গেলে সাধারণত সফরকারী দেশের সরবরাহ করা গাড়িই ব্যবহার করতেন। ২০১৪ সালের নভেম্বরে শি জিনপিং সেই রীতি বদলে দেন। ওই সময় নিউজিল্যান্ডে রাষ্ট্রীয় সফরে নিয়ে যান নিজের ‘হংকি এল৫’।

তথ্যসূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়