Homeএই মুহুর্তেডোপ টেস্ট ‘পজিটিভ’, সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সুপার

ডোপ টেস্ট ‘পজিটিভ’, সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সুপার

প্রাইম ভিশন ডেস্ক 

ডোপ টেস্টে ‘পজিটিভ’ আসায় পুলিশ সুপার আ ফ ম নিজামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা প্রজ্ঞাপন জারি করেছে।

গত ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার আ ফ ম নিজাম বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মিরপুরে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ সদর দপ্তর থেকে রওনা হন।

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তার মাদক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় বেনজোডায়াজেপিনস (BZO) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিষয়টি ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী। এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী গত ৩১ আগস্ট আ ফ ম নিজামকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়