চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে বুধবার জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সরাসরি এবং অনলাইনে দুই প্রবাসী নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সব মিলিয়ে ২৭ জনের কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গণশুনানিতে জমিজমার বিরোধ, সম্পত্তি জবরদখলসহ প্রশাসনিক নানা অভিযোগের পাশাপাশি উঠে আসে চিকিৎসা ও পারিবারিক সংকটের কথা।
লাভলেইন-ঝাউতলার শামসুন্নাহার দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে শয্যাশায়ী।
চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় তাঁকে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক। বায়েজিদ বোস্তামীর মোহাম্মদ আবদুর জব্বর টিউমারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের জন্য সহায়তা চান।
কিডনি রোগে আক্রান্ত মিন্টু মিয়া এবং পাঁচ বছর ধরে প্যারালাইসিসে ভোগা আক্তার হোসেনকেও চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হয়।
এদিকে মুরাদপুরের বিধবা রোসনা খাতুন অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না জানিয়ে সহায়তা চান।
তাঁর আবেদন বিবেচনায় নিয়ে বিয়ের জন্যও আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এদিন অসুস্থ ও অসহায় ছয়জনকে চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি এবং প্রবাসীরা অনলাইনে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পান।


