Homeএই মুহুর্তেতিন বছর বাংলাদেশি পণ্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে

তিন বছর বাংলাদেশি পণ্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে

প্রাইম ভিশন ডেস্ক »

ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান বাংলাদেশি রপ্তানিকারকদের আশ্বস্ত করে বলেছেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তীতে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে ৩ বছর ৯৯ দশমিক ৮ শতাংশ বাংলাদেশি পণ্যকে ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। ট্রানজিশনাল পিরিয়ডের পরেও প্রায় ৯২ শতাংশ বাংলাদেশি পণ্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

তিনি বলেন, ব্রিটিশ পণ্য, সেবা বা টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আর্থিক সহায়তার জন্য ব্রিটিশ সরকার ২ বিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠন করেছে। এ তহবিলের সহায়তা নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্রিটেনে তাদের পণ্যের বাজার আরও সম্প্রসারিত করতে পারবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।

যুক্তরাজ্যের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন আনুষঙ্গিক ধারণা ও পদ্ধতি সম্পর্কে চেম্বার সদস্যদের অবহিত করতে ব্রিটিশ হাইকমিশন শিগগির চিটাগাং চেম্বারে একটি কর্মশালার আয়োজন করবে বলেও জানান ডেপুটি হাই কমিশনার।

চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হয়ে উঠার সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরসহ সামগ্রিক লজিস্টিক খাতে অধিকতর বিনিয়োগ অত্যন্ত জরুরি।

তিনি লালদিয়া টার্মিনালে বিদেশি বিনিয়োগের ন্যায় অন্যান্য বৃহৎ অবকাঠামো নির্মাণ ও পরিচালনাসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায়ও ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করেন।

তিনি চট্টগ্রামের কৌশলগত সহায়ক ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের বাজারে প্রবেশের জন্য ফার্মাসিউটিক্যাল, স্টিল, টেক্সটাইল, গ্রিন এনার্জিসহ অন্যান্য বৃহৎ শিল্প খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের উৎসাহিত করতে ডেপুটি হাইকমিশনারকে অনুরোধ জানান।

ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, সুদীর্ঘকাল ধরে বিভিন্ন ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে তাদের কার্যক্রম সক্রিয় রেখে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

এ ধারা অব্যাহত রাখতে তিনি অধিক ব্রিটিশ বিনিয়োগের আহ্বান জানান।

আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ডিএফআইডির মতো ব্রিটিশ সংস্থাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর ও হাইকমিশনের ডাইরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সাকিব এরশাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়