Homeএই মুহুর্তেঅর্জিত জ্ঞানকে মুসলিম উম্মাহর জন্য কাজে লাগাতে হবে : সুফি মিজান

অর্জিত জ্ঞানকে মুসলিম উম্মাহর জন্য কাজে লাগাতে হবে : সুফি মিজান

মিজানুস সালাম ইসলামিক রিসার্চ সেন্টারে ইফতা ও আরবি ভাষা কোর্স উদ্বোধন

প্রাইম ভিশন ডেস্ক »

মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামি আইনশাস্ত্রভিত্তিক ‘ইফতা’ ও আরবি ভাষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী (রহ.) এর বংশধর ও ইসলামি চিন্তাবিদ শায়খ সাইয়্যেদ আফিফ উদ্দীন জিলানী আল-হাসানী ওয়াল হোসাইনী।

ফতোয়ার নামে বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষায় আন্তর্জাতিক মানের কারিকুলামে দেশি-বিদেশি স্কলারদের সমন্বয়ে পরিচালিত এ ইফতা কোর্স চালু করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান।

এদিন ইফতা কোর্সের তৃতীয় এবং আরবি ভাষা কোর্সের সপ্তম ব্যাচ উদ্বোধন করা হয়৷ মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারটি মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যেদ আফিফ উদ্দীন জিলানী বলেন, জ্ঞান একটি আমানত। ডিগ্রি কোনো সমাপ্তি নয়; বরং এটি দায়িত্ব, ত্যাগ ও শ্রমের নতুন সূচনা।

মানুষের প্রকৃত মূল্য কেবল পদবিতে নয়, বরং তার চরিত্র, নৈতিকতা এবং সমাজ ও উম্মাহর জন্য প্রদত্ত কল্যাণে নিহিত। জ্ঞানকে কাজে লাগাতে হবে মানুষের সেবায়, কর্মকে করতে হবে কল্যাণের বাহন, আর সফলতাকে গ্রহণ করতে হবে অন্যের উপকারে নিয়োজিত হওয়ার সোপান হিসেবে।

আল্লাহভীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গোপনে ও প্রকাশ্যে তাকওয়া অবলম্বন করো, দায়িত্ব পালনে আনুগত্য ও আন্তরিকতা বজায় রাখো, চরিত্রে আনো সততা, বিনয় ও উত্তম ব্যবহার। তোমাদের প্রকৃত মূল্য নিহিত রয়েছে সমাজে তোমাদের অবদানে।

সভাপতির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, তোমরা যারা শিক্ষার্থী আছো, তারা আজ সত্যি সৌভাগ্যবান। রাসুল (স.) এর বংশধর থেকে তোমরা সনদ নিয়েছ। তোমাদের অর্জিত জ্ঞানকে মুসলিম উম্মাহর জন্য কাজে লাগাতে হবে। সঠিক ফতোয়া দ্বীনের মৌলিক শিক্ষার প্রতিফলন ঘটায় এবং মুসলিম সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করে। ফতোয়া প্রদান একটি ইবাদত, কেননা এর মাধ্যমে আল্লাহর বিধান প্রকাশ পায়। তবে এর জন্য দরকার গভীর জ্ঞান, তাকওয়া, আমানতদারিতা ও গবেষণাভিত্তিক প্রস্তুতি। এ সময় নবীন মুফতিদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারা অনুসরণ এবং যাবতীয় ফেতনা-ফাসাদ থেকে দূরে থাকার আহ্বান জানান সুফি মিজানুর রহমান।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজভান্ডারি ও গাউসে পাকের বংশধর সৈয়দ আব্দুর রহমান আফিফউদ্দিন আল জিলানি৷

শিক্ষক ও গবেষক সাইফুল ইসলাম আজহারী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অছিউর রহমান আল কাদেরি, সাবেক মুহাদ্দিস সুলাইমান আনসারি, সাবেক মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক ভিসি অধ্যাপক মুহিতুল আলম, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক আলী হোসেন সোহাগ, আমীর হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, মোহাম্মদ আখতার পারভেজ, নোভেদ ইকবাল মিজান প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়