প্রাইম ভিশন ডেস্ক »
মিরসরাইয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে করেরহাট বন বিভাগের অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলো অটোরিকশা চালক মো. ইউসুফ (৩০) ও যাত্রী রুবেল বলি (৩০)। এসময় নাজমুল ও রুবেল নামে আরো দুইজন আহত হয়েছে। নিহত ও আহতরা করেরহাট ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী করেরহাট সিএনজি অটোরিকশা চালক সমিতির লাইন সম্পাদক নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি গেরামারা এলাকার কবরস্থানের টার্নিং থেকে পাড়েরহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে মধ্যে অপরদিক থেকে আসা খাগড়াছড়িমুখী একটি ট্রাক এসে অটোরিকশাকে চাপা দিলে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি করেরহাট ট্রাক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুবল চন্দ্র সিংহ জানান, ঘটনার পর পরই জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে


