Homeএই মুহুর্তে‘নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তায় ছাড় হবে না’

‘নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তায় ছাড় হবে না’

প্রাইম ভিশন ডেস্ক »

দুর্গাপূজার উদ্ভবস্থল চণ্ডী তীর্থ মেধস মুনির আশ্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে জেলার এই দুই শীর্ষ কর্মকর্তা বোয়ালখালীতে আসেন। উপজেলার করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত মেধসাশ্রমের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নতুন সরকার গঠনের পর এটি প্রথম শারদীয় দুর্গোৎসব।

এ উৎসবকে আনন্দমুখর করার পাশাপাশি সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, এবার সারা দেশে দেড় হাজারের বেশি নতুন সর্বজনীন দুর্গামণ্ডপ যুক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলাতেও ৪০০টির মতো পূজা মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেএমসেন হলে পূজা মণ্ডপের অনুষ্ঠানে যোগ দিবেন।

নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজায় আনসার বাহিনীর প্রায় সাড়ে ১২ হাজার সদস্য এবং পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কোনো মণ্ডপ যাতে স্বেচ্ছাসেবীশূন্য না থাকে, সে জন্য পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা শুক্রবার থেকে কার্যকর হবে। পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোলিং, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিট পুলিশিং কার্যক্রম চলবে।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও নাশকতার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবীদের সক্রিয় রাখা এবং সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, ইউএনও মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ওসি মো. মোজাফফর হোসেন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়