প্রাইম ভিশন ডেস্ক »
১২৭ রানের পূঁজি নিয়ে কে-ই বা স্বস্তিতে থাকে, বাংলাদেশও ছিল না। তবু বল হাতে দারুণ শুরুর পর আফগানিস্তানের রান চাকায় লাগাম টেনে জয়ের স্বপ্নই বুনছিল তারা।
একটা সময়ে গিয়ে রান বলের ব্যবধান এমন ছিল যে, বাংলাদেশের পক্ষেই জয়ের পাল্লা ভারী ছিল। কিন্তু হঠাৎ-ই সব পাল্টে গেল ইব্রাহিম জদরানের ব্যাটিং ঝড়ে। খুনে ব্যাটিংয়ে বল-রানের ব্যবধান নিমেষেই ঘুচিয়ে আফগানিস্তানকে দারুণ এক জয় এনে দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সবার আগে এশিয়া কাপের সুপার ফোরে উঠলো মোহাম্মদ নবীর দল।
মঙ্গলবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে এটা বাংলাদেশের ষষ্ঠ হার। দলটির বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের জয় মাত্র ২ ম্যাচে।
এই ম্যাচ হারে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে পড়লো সাকিব আল হাসানের দলের। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই কেবল মিলবে সুপার ফোরের টিকেট।


