প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প-১৩-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী। রোহিঙ্গা ক্যাম্পে খুনের ঘটনা নিত্যদিনের। এমন কোনো দিন নেই খুনের ঘটনা ঘটছে। গত আড়াইমাসে ১৬ জনের বেশি খুন হয়েছেন।
নিহত দুজনের নামই রফিক বলে জানা গেছে। তারা ক্যাম্প ১৩-এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।
উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প ১৩-তে একদল দুষ্কৃতকারী দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে।
এ ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


