প্রাইম ভিশন ডেস্ক »
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর দুই ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। পদ্মা নদীর এই দুটি ইলিশের ওজন হয়েছিল ৪ কেজি। শনিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
মাছবাজারের সংশ্লিষ্টরা জানান, শুক্রবার রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। শনিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ৪ কেজির দুটি ইলিশ দুলাল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে কিনে তার দোকানঘরে নিয়ে আসেন।
মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে আনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২ শ টাকা লাভ হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, ‘জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন মাছ শিকার থেকে বিরত থেকেছেন জেলেরা। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। বর্তমানে পদ্মা নদীতে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন।’


