Homeমুল পাতাঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী বুধবার (১৪ জুন)। যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে গত ঈদুল ফিতরের মতো এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে বলে জানা গেছে।

রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরে ঢাকা থেকে প্রতিদিন ২৮ হাজার ৭৭৮টি টিকিট বিক্রি হয়েছে। এবার তা আরও কয়েক হাজার বাড়িয়ে প্রতিদিন ৩২ হাজার আসনের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

সূত্র বলছে, গেল ঈদে সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে সেবাপ্রত্যাশীদের। সেই দিক বিবেচনায় এবার ২টি শিডিউলে ট্রেনের টিকিট বিক্রি করা হতে পারে। একই সঙ্গে আগামী ২৯ বা ৩০ জুন ঈদের তারিখ ধরে ট্রেনের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের; ১৬, ১৭ ও ১৮ জুন পর্যায়ক্রমে ২৬ জুন, ২৭ জুনের এবং ২৮ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এছাড়া ঈদযাত্রার ফিরতি টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন থেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

এদিকে ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে। জানা গেছে, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে ৩ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে ময়মনসিংহ-চট্টগ্রাম পথে।

ভৈরব ও ময়মনসিংহ থেকে দুই জোড়া বিশেষ ট্রেন চালানো হবে শুধু ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য। এছাড়া দুই জোড়া বিশেষ ট্রেন ঈদের আগে ও পরে ছয় দিন চালানো হবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড় ও লালমনিরহাটের উদ্দেশে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ১ জোড়া নতুন ট্রেনের যাত্রা শুরু হবে ঢাকা-চিলাহাটি-ঢাকা পথে।

অন্যদিকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২ হাজার আসনে যাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশন থেকে এই টিকিট পাওয়া যাবে না।

এ ব্যাপারে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে অগ্রিম টিকিট বিক্রির খসড়া তারিখ ঠিক করা হয়েছে। ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। আগামী ৩০ মে মন্ত্রী মহোদয় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়