Homeমুল পাতামহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণা করায় স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেট চত্বর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা নিউ মার্কেট-জিপিও-কোতোয়ালী মোড় হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।

এসময় মিছিলের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে। বিএনপি-জামাতের নির্বাচন বানচালের নানাধরণের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে প্রাণিত করেছে। আমরা চাই এই নির্বাচনের মধ্যদিয়ে যাদেরকে জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে। এও আশা করি টানা ৩ মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ একটি গরিব দেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন এবং ১৯৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত করার অঙ্গীকারের প্রতি জনগণ আস্থা রাখবে এবং আরেকবার শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতিক শক্তি ক্ষমতায় আসবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সকল উদ্বেগ উড়িয়ে দিয়ে সংবিধান সম্মতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার তফসিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচন কমিশনের দৃঢ় প্রত্যয়ে আশা ভরসার বাতি প্রজ্জ্বলিত হয়েছে। সকল অশুভ শক্তির ভ্রুকুটি ও বিদেশি মুরুব্বীদের প্রেশক্রিশপন ছাড়াই যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে। যেকোন মূলে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে হাতে লাঠি বুকে বল নিয়ে নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি এবং থাকবো।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মো. ইলিয়াছ, মোর্শেদ আক্তার চৌধুরীসহ থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের অসংখ্য নেতাকর্মী আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়