রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাপাওনা টাকার জন্য কুকুরের সঙ্গে বেঁধে রিকশাচালককে নির্যাতন

পাওনা টাকার জন্য কুকুরের সঙ্গে বেঁধে রিকশাচালককে নির্যাতন

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকার সাভারে রবিউল ইসলাম নামে এক রিকশাচালককে ৮’শ টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ভাঙ্গারি ব্যবসায়ীয়ের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওই রিকশাচালক রবিউলকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ী।

মঙ্গলবার (৭ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় বারটেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকায় স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী মামুনের দোকান থেকে ভুক্তভোগীকে শিকলমুক্ত করে উদ্ধার করে পুলিশ।

এর আগে, সকাল ৭টার দিকে ভুক্তভোগী রবিউলকে দোকানের খুটিতে পালিত কুকুরের সঙ্গে পায়ে শিকল পরিয়ে রেখে মারধর করে অভিযুক্ত মামুন।

ভুক্তভোগী রবিউল ইসলাম নীলফামারী জেলার বাসিন্দা। একসময় মামুনের সঙ্গে ব্যবসা করলেও বর্তমানে তিনি রিকশাচালিয়ে জীবিকা নির্বাহ করেন।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সেই সময়ে মামুন আমার কাছে ৮’শ টাকা পেতো। সেই টাকার জন্য আজ সকালে আমাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে মামুন। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে আমাকে বেধে রাখে। প্রায় ৭ ঘণ্টা বেঁধে রাখার পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

এ বিষয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওই রিকশাচালককে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই অভিযুক্ত মামুন পালিয়ে যায় তবে তাকে আটকের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়