প্রাইম ভিশন ডেস্ক »
দেশে বর্তমানে ৪৩ ধরনের সেবা পেতে রিটার্ন জমার কপি লাগে। এই তালিকায় নতুন করে মিলনায়তন ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যবাধকতার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। তিনি প্রস্তাব করেছেন- সামাজিক অনুষ্ঠানগুলো যেমন:- বিবাহ, জন্মদিন, গায়ে হলুদ, সুন্নতে খতনাসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও বিভিন্ন মিলনায়তন ভাড়া করা হয়। নতুন অর্থবছরে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না।
প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকছে।
এর আগে দুপুরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে প্রস্তাবিত বাজেটে সই করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।


