হাটহাজারীতে কাশির সিরাপের সাথে নেশাদ্রব্য মিশিয়ে সেবনে সবজি বিক্রেতাসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন-হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ।
রবিবার (২৩ জুন) ভোরে পৌরসভার পশ্চিমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকায় তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত সবজি বিক্রেতা মো. রাসেল পৌর এলাকার ১নং ওয়ার্ড দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের কনিষ্ঠ পুত্র এবং সবজির দোকানের কর্মচারী মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের জ্যেষ্ঠ পুত্র।
এ ব্যাপারে হাটহাজারী হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


