প্রাইম ভিশন ডেস্ক »
কালুরঘাট নতুন সেতুর নির্মাণকাজ দৃশ্যমান করার দাবি জানিয়েছে ‘বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ’। রবিবার (৩০ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মো. আব্দুল মোমিন বলেন, ‘বোয়ালখালী-পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল কাম সড়ক সেতু নির্মাণে আশা জাগানিয়া একটি অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, ‘আমরা মনে করি, এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতু নির্মাণে চূড়ান্ত অগ্রগতি হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের আন্তরিকতার বিষয়টি দৃশ্যমান হয়েছে। দীর্ঘসময় পর হলেও লাখো মানুষের প্রাণের দাবি বাস্তবায়নে সরকার এগিয়ে আসায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণ না করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এবার আমরা আশাবাদী। আমাদের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, স্থানীয় এমপি আবদুচ ছালাম ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আমাদের ছাতা হয়ে আছেন। সম্প্রতি কোরিয়ান এক্সিম ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের ১১ হাজার ৫৬০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। এবার আমরা এতে আর কোনো অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণ চাই না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক নজরদারি আশা করছি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক মুস্তফা নঈম, সদস্য সচিব সাংবাদিক রমেন দাশগুপ্ত ও সমন্বয়ক সাংবাদিক উত্তম সেনগুপ্ত বক্তব্য রাখেন।


