প্রাইম ভিশন ডেস্ক »
‘ভবনের গেট খুলতে দেরি করায়’ ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তারক্ষী ভবনটির একটি ফ্ল্যাটের মালিকের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা রংয়ের সেডান গাড়ি ওই নিরাপত্তারক্ষীকে চাপা দেয়।
গেট খুলতে দেরি হওয়ার কারণে গেট লক্ষ্য করে মালিক গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এতে গেটের একটি অংশ ভেঙে যায়, গাড়ির সামনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িটি নিরাপত্তারক্ষী ফজলু মিয়াকেও ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তথ্য অনুযায়ী, গাড়ির মালিকের বয়স ৫৫-৬০ বছর। রেগে গিয়ে তিনি তার চালককে সরতে বলে নিজেই চালকের আসনে বসে গেট লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেন।
ঘটনার পর থেকেই গাড়ির মালিক পলাতক রয়েছেন। পুলিশ এখনও তাকে খুঁজছে।


