প্রাইম ভিশন ডেস্ক »
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির।
সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বা দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আপিল বিভাগে জামায়াতের নিবন্ধসংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত আইনি পদক্ষেপ অনুযায়ী পথ চলতে চায়। ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ওই দিনই সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও জামায়াত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১ আগস্ট জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়Ñসরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হলো।


