Homeমুল পাতা‘দুষ্টু কোকিল’ নিয়ে নতুন অভিযোগ

‘দুষ্টু কোকিল’ নিয়ে নতুন অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটের তকমা পেয়েছে। এ ছবির গানগুলোর মধ্যে সবচেয়ে শ্রোতাপ্রিয় ‘দুষ্টু কোকিল’। এরইমধ্যে দুই শতাধিক মিলিয়ন দর্শক উপভোগ করেছেন। এবার ‘দুষ্টু কোকিল’ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন গানটির গীতিকার, সুরকার ও গায়ক আকাশ সেন।

সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে ‘তুফান’। সেখানে ছবির টাইটেল কার্ডে ‘দুষ্টু কোকিল’-এর কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কনার নাম। গানটির স্রষ্টা আকাশ সেনের নাম রাখা হয়নি। এ কারণেই ক্ষুব্ধ কলকাতার এ সুরকার ও সংগীতশিল্পী।

শনিবার নিজের ফেসবুকে আকাশ লিখেছেন, ‘‘তুফান’ ছবি এখন চরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে। আর দুষ্টু কোকিল গানটা ‘তুফান’ ছবির সর্বোচ্চ দেখা হয়েছে। ২০০ মিলিয়ন। কিন্তু ছবিতে, দুটি ওটিটি অ্যাপের কোনোটাতেই ছবির টাইটেল কার্ডে সংগীত পরিচালক, গীতিকার বা গায়কের তালিকায় আমার নাম নাই।’’

এরপর লেখেন, ‘‘অথচ ‘দুষ্টু কোকিল’ গান আমার লেখা, সুর এবং আংশিক গাওয়া। চরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেয়নি, কিন্তু হইচই? সেটা তো কলকাতার, তারা কেন এই অন্যায় অরাজকতা করল?’’

আকাশ লেখেন, ‘দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছু নেই।বরং আপনারা রোজগার করছেন, করুন, আরও করুন। তবে যারা কনটেন্ট বানায় দিন রাত এক করে, তাদের প্রতি এত অন্যায় করবেন না। এতে অভিশাপ লাগে। কুড়ি বছর পাড় করলাম মিউজিকের সাথে, আরও কুড়ি বছর কাজ করব বেঁচে থাকলে। অনেককে উঠতে, নামতে দেখলাম। কারণ ওপরওয়ালা সঠিক বিচার করেন।’

সবশেষে এ সুরকার লেখেন, ‘আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না। আমি ছিলাম আছি মরার পরও থাকব আমার প্রিয় শ্রোতাদের অন্তরে। কারণ আমার নিয়ত পরিষ্কার।’

এদিকে আকাশের পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের অনেকে নিজেদের মত প্রকাশ করেছেন। কেউ বিষয়টিকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষে কথা বলেছেন কেউ। তবে টাইটেল কার্ডে নাম না থাকলেও ডেসক্রিপশনে নাম দেওয়া হয়েছে আকাশের। এরকম একটি স্ক্রিনশট তুলে ধরেছেন এক নেটিজেন। তবে সেসবের কোনো উত্তর দেননি আকাশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়