শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img
Homeমুল পাতাপ্রধান উপদেষ্টার তহবিল ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪

প্রধান উপদেষ্টার তহবিল ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪

প্রাইম ভিশন ডেস্ক »

অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের উদ্যোগে ‘লুণ্ঠিত উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব’ স্লোগান প্রচার করে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শরীফপুর আশরাফ মার্কেট এলাকা থেকে আটকের পর গ্রেফতার দেখিয়েছে গাছা থানা পুলিশ।

জানা গেছে, ঋণ নিতে আগ্রহীদের প্রতারকরা ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে তিনশ থেকে চারশ টাকা। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তিন লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

এই সুদমুক্ত ঋণ পেতে গাজীপুর জেলায় সমন্বয়ক হলেন নগরীর ওঝারপাড়ের আব্দুল মতিন ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম ওরফে মধু (৫৫)। তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করে গাছা থানা পুলিশ।

তারা হলেন বগুড়ার শিবগঞ্জের পুকিবাজিতের আব্দুল হালিমের ছেলে জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আলাল (৪৫), ময়মনসিংহের ত্রিশালের সাপখালির মৃত কুরবান আলীর ছেলে রমজান (৪০)।

শুক্রবার সন্ধ্যায় শরীফপুর আশরাফ মার্কেট এলাকায় স্থানীয়রা প্রথমে তাদের আটক করে। পরে গাছা থানায় সংবাদ দিলে পুলিশ তল্লাশি করে টাকা গ্রহণের নামের তালিকা ও কয়েকটি টিকিট বই জব্দসহ তাদের আটক করে হেফাজতে নেয়। পরে রাত ১টার দিকে ভুক্তভোগী মন্টু মিয়ার অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের পর মামলা দিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আ-ব-ম মোস্তফা আমীন জানান, টাকা তোলার বিষয়টি আমার জানা নেই।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আলি মোহাম্মদ রাশেদ জানান, অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়