শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতামহাকাশে দুই নভোচারীর বিস্ময়কর অভিজ্ঞতা

মহাকাশে দুই নভোচারীর বিস্ময়কর অভিজ্ঞতা

প্রাইম ভিশন ডেস্ক »

মহাকাশে ভোট দেওয়া, ক্রিসমাস উদযাপন, শূন্য অভিকর্ষে শরীরচর্চা—এসবের মধ্য দিয়েই সময় কেটেছে বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের। প্রায় নয় মাস মহাকাশে থাকার পর অবশেষে তারা পৃথিবীতে ফিরেছেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অতিরিক্ত সময় কাটাতে হলেও, তারা সময় নষ্ট করেননি। ৪০০ কিমি ওপরে ভেসে থেকে তারা মহাকাশ গবেষণা, রক্ষণাবেক্ষণ এবং মহাকাশে হাঁটাসহ (স্পেসওয়াক) গুরুত্বপূর্ণ কাজ করেছেন। খবর- বিবিসির

মহাকাশ স্টেশনে ব্যস্ত সময়

৫৯ বছর বয়সী সুনিতা এবং ৬২ বছর বয়সী বুচ দীর্ঘ সময় ধরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজে ব্যস্ত ছিলেন।

তাদের কাজের মধ্যে ছিল—স্টেশনের অভিমুখ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি মেরামত, নিক্সার এক্স-রে টেলিস্কোপের জন্য আলোক ফিল্টার সংযোজন এবং একটি আন্তর্জাতিক ডকিং অ্যাডাপ্টারে প্রতিফলক ডিভাইস প্রতিস্থাপন।

পৃথিবীর দিকে তাকিয়ে ভাবনার জগতে

নভোচারীদের প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ হয়, কারণ আইএসএস প্রতি ২৪ ঘণ্টায় ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।

এই অনন্য দৃশ্য তাদের পৃথিবী সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। সুনিতা বলেন, এটি আমাদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়। পৃথিবী একটাই, আমাদের এটি রক্ষা করা উচিত।

তিনি আরও বলেন, পৃথিবী থেকে অনেক মানুষ আমাদের বার্তা পাঠিয়েছে, যা আমাদের সবার সঙ্গে সংযুক্ত থাকার অনুভূতি দেয়।

মহাকাশ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদান

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বুচ, সুনিতা এবং আরও দুই আমেরিকান নভোচারী ডন পেটিট ও নিক হেগ মহাকাশ থেকে ভোট দিয়েছেন।

সুনিতা বলেন, ভোট দেওয়া একজন নাগরিক হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নাসা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা সহজ করে দেয়। হিউস্টনের মিশন কন্ট্রোল সেন্টার তাদের কাছে এনক্রিপ্টেড ইমেলের মাধ্যমে ব্যালট পেপার পাঠায়। নভোচারীরা তা পূরণ করে উপগ্রহের মাধ্যমে নিউ মেক্সিকোর একটি গ্রাউন্ড টার্মিনালে পাঠান। সেখান থেকে এটি মিশন কন্ট্রোলে পৌঁছে এবং পরে সংশ্লিষ্ট কাউন্টি ক্লার্কের কাছে পাঠানো হয়।

শূন্য অভিকর্ষে শরীরচর্চা

বুচ প্রতিদিন সকাল ৪:৩০-এ এবং সুনি সকাল ৬:৩০-এ দিন শুরু করতেন। মহাকাশে থাকার কারণে শরীরের হাড় ও পেশির ক্ষয় রোধে তারা প্রতিদিন দুই ঘণ্টারও বেশি সময় শরীরচর্চা করতেন।

মহাকাশ স্টেশনে তিন ধরনের শরীরচর্চার যন্ত্র রয়েছে। অ্যাডভান্সড রেসিস্টিভ এক্সারসাইজ ডিভাইস (ARED) স্কোয়াট, ডেডলিফট ও রো-এর মতো ব্যায়ামের জন্য ব্যবহৃত হয়। একটি ট্রেডমিল রাখা ছিল। এটি নভোচারীদের বেল্টের সাহায্যে আটকে রাখা হয় যেন তারা ভেসে না যান। আর ছিল সাইকেল আরগোমিটার যা ধৈর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয়।

বুচ এ সম্পর্কে বলেন, শূন্য অভিকর্ষে শরীরচর্চার মজাই আলাদা, কারণ এতে শরীরের জয়েন্টে ব্যথা হয় না।

ক্রিসমাস উদযাপন এবং বিদায়বার্তা

আইএসএস-এ থাকা অবস্থায় নভোচারীরা উল্লাসের মধ্যে ক্রিসমাস উদযাপন করেন। তারা সান্তা টুপি ও রেনডিয়ার হেডব্যান্ড পরে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান। ক্যান্ডি ক্যান বাতাসে ভাসতে ভাসতে তারা একে অপরের কাছে মাইক্রোফোন ছুঁড়ে দিচ্ছিলেন। সুনিতার লম্বা চুল শূন্য অভিকর্ষে ভেসে থাকায় তাকে দেখতে ভিন্ন লাগছিল।

১৬ মার্চ স্পেসএক্সের একটি ক্যাপসুল নতুন ক্রু সদস্যদের নিয়ে আইএসএস-এ পৌঁছালে বুচ ও সুনিতার পৃথিবীতে ফেরার পথ উন্মুক্ত হয়। বুচ একটি আনুষ্ঠানিক ঘণ্টা বাজিয়ে সুনিতার কাছ থেকে কমান্ড হস্তান্তর করেন রুশ নভোচারী আলেক্সেই ওভচিনিনের কাছে।

দীর্ঘ নয় মাস পর, তারা পৃথিবীতে ফিরছেন। তাদের এই মহাকাশযাত্রা শুধুমাত্র গবেষণার জন্যই নয়, বরং মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়