চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রাম ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়েছে বলে খবর পেয়েছি । এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
মিরসরাই
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো. জাবেদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আনুমানিক ৩০ জন। নিহত ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত জাবেদ চট্টগ্রামের বায়োজিদ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি আরএফএল গ্রুপের এসআর (মার্কেটিং অফিসার) হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।


