Homeমুল পাতাবরবাদের সাফল্যে আনন্দিত ইধিকা পাল

বরবাদের সাফল্যে আনন্দিত ইধিকা পাল

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৩ সালের ২৯ জুন মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছিল ওপার বাংলার দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী ইধিকা পালের। ‘প্রিয়তমা’ মুক্তির মধ্য দিয়ে বেশ সফলতার সঙ্গেই নিজের নামের আগে নায়িকা যুক্ত করতে পেরেছেন। শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমায় অভিনয় করেই বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ইধিকা। গেল বছর কলকাতায় দেবের বিপরীতে মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ সিনেমায় অভিনয় করেও আলোচনার শীর্ষে ছিলেন ইধিকা পাল। এবার ঈদুল ফিতরে মুক্তি পেল বাংলাদেশের ইধিকা পালের দ্বিতীয় সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ।

এই সিনেমায় ইধিকা পালের বিপরীতে শাকিব খান। যথারীতি বরবাদ সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন পর্যন্ত এই সিনেমা দর্শকের উপচে পড়া ভিড়ে রয়েছে আলোচনায়। প্রিয়তমার পর বরবাদে অভিনয় করে তুমুল আলোচনায় ইধিকা পালও। যে কারণে ইধিকা পাল আছেন এ মুহূর্তে খোশমেজাজে।

কলকাতা থেকে মুঠোফোনে কথা বলতে গিয়ে তার মধ্যে ভীষণ উচ্ছ্বাসের আভাস মেলে। বরবাদের সাফল্যে আনন্দিত ইধিকা পাল। প্রিয়তমা থেকে বরবাদের তুমুল সাফল্যে অনেকটাই আবেগাপ্লুত হয়ে ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমায় কাজ করার অভিজ্ঞতাটা আসলে আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা।

খুবই আবেগের প্রিয়তমা। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এ ভাবনা মাথায় ছিল যে আমাকে খুব ভালো করতে হবে যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি।

কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে আমাকে আরো ভালো করে কাজ করতে হবে, যাতে আগের পারফরম্যান্স থেকে এক ধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি—এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি। এ জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছে, বরবাদে যেন সেই ভালোবাসা আরো বেড়ে যায়—এমনটাও ভাবনায় ছিল আমার। সব মিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে এটা বলতে পারি, আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে।

আমি বিশেষত বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।’ ইধিকা জানান, এরই মধ্যে তিনি সোহমের বিপরীতে আকাশ মালাকারের ‘বহুরূপ’ সিনেমার কাজ শেষ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়