প্রাইম ভিশন ডেস্ক »
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে আজ থেকে বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘আইএমএফ ঋণ নিশ্চিত হওয়ায় জুন মাসের মধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক দাতা সংস্থা থেকে বাংলাদেশ মোট ৩.৫ বিলিয়ন ডলার পাবে।’
বাজারে ডলারের তারল্য থাকার কারণে নতুন বিনিময় হার বিদ্যমান হারের কাছাকাছিই থাকবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
তিনি আরও জানান, আজকের বৈঠকে ব্যাংকগুলোকে বাজারভিত্তিক বিনিময় হারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, ‘বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে।’


