প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মুনতাসির (২৪) নামের এক বাইক আরোহী যুবক নিহত এবং বাইক আরোহী তুষার আবদুল্লাহ নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত দুইটার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়াস্থ হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হেদায়েত আলী বাড়ির মো. কামাল উদ্দিনের পুত্র। অপরদিকে গুরুতর আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের পুত্র।
সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে পৌরসভার এগারো মাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকা মুনতাসির ফটিকছড়ির বখতপুর গ্রামের তুষার আবদুল্লাহ নামের এক বন্ধুসহ সমিতিরহাট এলাকায় আরেক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যায়।
সেখান থেকে বাসায় ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক আরোহী দুজন গুরুতর আহত হয়।
ঘটনার পর পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মুনতাসিবকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এবং আরেক আহত তুষারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গুরুতর আহত তুষারের বন্ধু জুবায়ের জানান, দুর্ঘটনা কবলিত বাইকটি ছিলো মুনতাসিরের বন্ধু তুষারের।


