প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের হাটহাজারী সদরে নিত্যদিনের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও যানবাহন পার্কিংয়ের অপরাধে ১৮ মামলায় মোট ১ লাখ সাড়ে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযান সূত্রে জানা যায়, পৌরসভার বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে হাটহাজারী অক্সিজেন সড়ক, আধুনিক হাসপাতালের আশপাশ, রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক ও নাজিরহাট সড়ক পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি এসব স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ সময় ইব্রাহীম খলিলকে ১০ হাজার, সগীর আহম্মদকে ৫ হাজার, মুসাকে ১০ হাজার, মো. হারুনকে ৫ হাজার, সিপাতুল ইসলামকে ৫ হাজার, আজাদকে ৫ হাজার, কামাল উদ্দীনকে ২০ হাজার, নাসির উদ্দীনকে ২০ হাজার, সিজল মিষ্টির দোকানকে ৫ হাজার, খাঁজা বেকারিকে ২০ হাজার, জাফর আহম্মদ সওদাগরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের কারণে ছয়জন সিএনজি অটোচালককে সাড়ে ৫ হাজার টাকা এবং একটি অবৈধ জিপকে (চাঁদের গাড়ি) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় বাস মালিক ও সিএনজি অটোরিকশা মালিক সমিতিকে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতামূলক ব্যানারও টানানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


