প্রাইম ভিশন ডেস্ক »
দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘পুষ্পা’। এরই মধ্যে দুটি কিস্তি দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসে যেমন কাঁড়ি কাঁড়ি পয়সা কামিয়েছে, তেমনি পেয়েছে প্রশংসাও। এবার জানা গেল নতুন তৃতীয় কিস্তির খবর।
‘পুষ্পা ৩ : দ্য রামপেজ’ নামে ছবিটি নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সুকুমার। এতে গল্প ও চরিত্রে থাকবে বেশ কিছু চমক। গত শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এই ঘোষণা দেন তিনি। ওই অনুষ্ঠানে ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর দল মঞ্চে ওঠে একাধিক পুরস্কার গ্রহণ করত। তখন উপস্থাপক সুকুমারকে প্রশ্ন করেন- ‘পুষ্পা ৩’ আদৌ হবে কি না। উত্তরে সুকুমার স্পষ্টভাবে বলেন, ‘অবশ্যই হচ্ছে!’
তার এ কথা শুনে দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায়। এর আগেই ‘পুষ্পা-২’-এর অ্যান্ড ক্রেডিট সিনে তৃতীয় পর্বের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে এবার প্রথমবারের মতো নির্মাতা সরাসরি এর ঘোষণা করলেন। জানা গেছে, ‘পুষ্পা-৩’ ছবিতে আগের কিস্তিগুলোর মতোই মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন। সঙ্গে থাকবেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলও। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছে একটি ভয়ংকর খল চরিত্র। এই চরিত্র ও এতে অভিনয় করা শিল্পী দর্শকের জন্য বিশেষ চমক বলে দাবি করেন পরিচালক। দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (SIIMA)- এবার ‘পুষ্পা-২’ মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী রাশমিকা মান্দানা, সেরা পরিচালক সুকুমার, সেরা সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন শঙ্কর বাবু কন্দুকুরি। অভিনেতা আল্লু সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন নির্মাতা সুকুমার ও পুরো টিমকে।


