সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাশীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় ডিবির বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আরাকান সোসাইটি প্রবেশ গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং।

ডিবি ডিসির সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন—শাহাব উদ্দিন শাবু (৩৪), পিতা মোহাম্মদ আলী, স্থায়ী ঠিকানা ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় সাবানা গার্মেন্টসের পেছনে ইলিয়াস মিয়ার ভাড়াবাসায় থাকতেন।

অপর গ্রেফতারকৃত ব্যক্তি মো. পারভেজ (৩৭), পিতা মৃত নাসিম উদ্দিন, স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বাড়াইপাড়ায় বখতিয়ার সওদাগরের ভবনে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন শাবু কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই এবং একটি ছিনতাইকারী দলের মূল হোতা।

জিজ্ঞাসাবাদ ও সিএমপির সিডিএমএস যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি ও ছিনতাইসহ দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। অপর আসামি পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়